সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

রাজশাহীতে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, দ্রোহ ও মানবিক চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় রাজশাহী বাংলাদেশ শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হারুন অর রশীদ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শরিফুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জাতীয় কবির বহুমুখী প্রতিভা ও সামাজিক অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, নজরুল শুধু কবি ছিলেন না; তিনি একাধারে সুরকার, গীতিকার, সাংবাদিক, সম্পাদক ও সৈনিক হিসেবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে আজীবন সোচ্চার ছিলেন। তাঁর সাহিত্য ও জীবনাদর্শের মূল চেতনা ছিল সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও প্রতিবাদ।

বর্তমান সমাজ বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, সমাজে অসহিষ্ণুতা, পরমতসহিষ্ণুতার সংকট, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘাত, অতিরিক্ত ডিজিটাল ডিভাইসের ব্যবহার এবং মাদকের বিস্তার সামাজিক অস্থিরতা বাড়িয়ে তুলছে। তরুণ প্রজন্মকে এসব নেতিবাচক প্রবণতা থেকে দূরে রাখতে নজরুলের সাম্য ও মানবতার চেতনা ধারণ করা জরুরি।

তিনি তরুণদের অতিরিক্ত মোবাইলনির্ভরতা পরিহার করে বই পড়া, সাহিত্যচর্চা ও নিয়মিত সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

নজরুলের আদর্শ অনুসরণের মাধ্যমে ধর্মীয় ভেদাভেদ, সাম্প্রদায়িকতা ও বৈষম্য দূর করে পারস্পরিক শ্রদ্ধা এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর