ফটোসাংবাদিক মিশাল মন্ডলকে ‘শীর্ষ মাদক কারবারি’, ‘অস্ত্রধারী’ ও ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে কয়েকটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ তুলেছে তাঁর পরিবার। এসব প্রচারণাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর দাবি করে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পরিবারটি।
পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মিশাল মন্ডল কোনো মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী নন। বরং গত ৭–৮ মাস ধরে মাদকাসক্ত হয়ে পড়ায় তাঁকে চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই পরিবার প্রশাসনের সহযোগিতা চেয়েছিল।
সোমবার রাতে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন মিরেরচক এলাকায় মিশাল মন্ডলের নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এসব কথা জানানো হয়। তাঁর ছোট বোন লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় মিশালের মা, স্ত্রী ও সন্তান উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে পরিবার জানায়, মিশাল মন্ডল (৪২) দীর্ঘদিন ধরে দৈনিক উপচার, বাংলার জনপদ ও বরেন্দ্র টেলিভিশনে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন। তবে গত ৭–৮ মাস ধরে তিনি মাদকাসক্ত হয়ে পড়ায় পেশাগত কাজেও অনিয়মিত হয়ে পড়েন। এতে পারিবারিকভাবে নানা সমস্যার সৃষ্টি হয়।
পরিবারের দাবি, মিশালকে মাদকাসক্তি থেকে বের করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে তাঁর ভাই মিশুসহ পরিবারের সদস্যরা প্রশাসনের সহযোগিতা চান। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৮ আগস্ট দিবাগত রাতে নগরীর খুলিপাড়া এলাকায় মাদক সেবনের সময় মিশালসহ তিনজনকে পুলিশ আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধারের কথা জানায় পরিবার।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, মিশালের পুনর্বাসনের উদ্দেশ্যে নেওয়া উদ্যোগকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল তাঁর বিরুদ্ধে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তাঁকে ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে উল্লেখ করে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।
পরিবারের দাবি, মিশালের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে তোলা সাধারণ ছবি সংগ্রহ করে বিভ্রান্তিকর ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এতে তাঁর পাশাপাশি পরিবারের সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হচ্ছে।
এ ছাড়া সাংবাদিকদের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে কয়েক বছর আগে মিশালের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফটো এডিটিং প্রযুক্তির মাধ্যমে বিকৃত করে হাতে পিস্তল যুক্ত করার অভিযোগও করা হয়। পরিবারের দাবি, একই চক্র এবারও পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় ৬–৭ বছর আগে রাজনৈতিক বিরোধের কারণে মিশালের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছিল। তবে গত কয়েক বছরে তাঁর বিরুদ্ধে নতুন কোনো মামলা বা অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড নেই বলে দাবি করেছে পরিবার।
পরিবারের পক্ষ থেকে বলা হয়, আদালতে কোনো ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ার আগে তাঁকে ঢালাওভাবে অপরাধী বা মাদক কারবারি হিসেবে প্রচার করা উচিত নয়। এ ধরনের প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে মিশালের বিরুদ্ধে প্রকাশিত ভিত্তিহীন ও বানোয়াট তথ্য প্রত্যাহার এবং সংশ্লিষ্টদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। অন্যথায় অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তি, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অনলাইন পোর্টালের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পরিবার।
একই সঙ্গে প্রকৃত ঘটনা অনুসন্ধান করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে প্রশাসন, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে মিশাল মন্ডলের পরিবার।
এই বাংলা/এমএস