সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

দৌলতপুরে প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা কমিটির সভা, হুইলচেয়ার-বাইসাইকেল বিতরণ

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা কমিটির সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার ও স্বেচ্ছাসেবকদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ হলরুমে ডিসএবলড রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিসার্চ অ্যাসোসিয়েশন (ডিআরআরএ)-এর উদ্যোগে এ সভা ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার এবং সাতজন ভলান্টিয়ারের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদুর রহমান সজিব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মইনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোবিন্দ সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর ফিরোজ, এলজিইডির উপজেলা সহকারী প্রকৌশলী মো. মমিনুল ইসলাম এবং ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ. এম. মাইনুল কবির।

এছাড়া ডিআরআরএ-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর ডালিমা রহমান ও সহকারী ফিজিওথেরাপিস্ট মো. শরিফ মিয়া উপস্থিত ছিলেন।

সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা, সামাজিক পুনর্বাসন এবং জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে সাতজন ভলান্টিয়ারের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিশুদের সেবার মান উন্নয়ন ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে ডিআরআরএ এ উদ্যোগ নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

জানা গেছে, দৌলতপুর উপজেলায় মোট ৬০ জন ভলান্টিয়ার প্রতিবন্ধী শিশুদের নিয়ে একীভূত সমাজ গঠনের লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা ডিআরআরএ-এর মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সংস্থাটির কার্যক্রমের সফলতা কামনা করেন। চুক্তি অনুযায়ী ভলান্টিয়াররা বাইসাইকেল ব্যবহার করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর