নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর দাখিল মাদ্রাসায় কেরানি পদে নিয়োগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণের সামনে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার কেরানি পদে নিয়োগকে কেন্দ্র করে মোহাম্মদ আতাউর রহমান জিন্নাহ (৫০) ও বিপ্লব (৩০)-এর সমর্থকদের মধ্যে আগে থেকেই উত্তেজনা চলছিল। সোমবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে আতাউর রহমান জিন্নাহ (৫০), মো. মোরশেদ আলম (৪০) ও খোরশেদ আলী (৩৫) আহত হন। গুরুতর আহত খোরশেদ আলীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আতাউর রহমান জিন্নাহ ও মোরশেদ আলম নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
অন্যদিকে, অপর পক্ষের বিপ্লব (৩০) ও খাইরুলও আহত হয়েছেন। তারা নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষের খবর পেয়ে নলডাঙ্গা থানার এসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নলডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম খলিল বলেন, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এই বাংলা/এমএস