সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

নলডাঙ্গায় নজরুল বর্ষ ২০২৬-২৭-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নাটোর
  • প্রকাশকালঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামীন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল বলেন, ‘নজরুল আমাদের প্রেরণা। ব্রিটিশবিরোধী আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে কাজী নজরুল ইসলামের কবিতা মুক্তিযোদ্ধা তথা বাঙালি মুক্তিকামী মানুষের মনে অনুপ্রেরণা জুগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেছিলেন।’ তিনি নজরুলের বিদ্রোহী চেতনা ধারণ করে বাংলাদেশের জাতীয়তাবাদ ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নজরুলের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি পালনের প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িকতার চেতনা সমাজে প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। নতুন প্রজন্মের কাছে নজরুলের সাহিত্য, দর্শন ও জীবনাদর্শ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে নজরুলের সাহিত্য ও সংগীতভিত্তিক বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’-এর উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর