রাঙামাটির বাঘাইছড়িতে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা কবির আহমেদ এবং কাচালং সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ প্রতিভা। তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মে শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের মুক্তির আকাঙ্ক্ষা স্পষ্টভাবে ফুটে উঠেছে।
বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও মানবতার চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ থেকেও নজরুল শিক্ষা ও অনুপ্রেরণা নিয়েছিলেন, যা তাঁর বিভিন্ন সাহিত্যকর্মে প্রতিফলিত হয়েছে।
তাঁরা আরও বলেন, অন্যায়, অবিচার, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে নজরুলের সাহসী অবস্থান আজও নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। তাঁর সাহিত্য ও সংগীত চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা আরও সুদৃঢ় করা সম্ভব।
বক্তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নজরুলের সাহিত্য ও জীবনাদর্শ চর্চার পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের সঙ্গে তাদের পরিচিত হওয়ার সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি হয়।
এই বাংলা/এমএস