রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

চন্দ্রভাসন (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সারওয়ার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টার দিকে তাঁর আকস্মিক আগমনে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৎপরতা দেখা যায়।

হাসপাতালে পৌঁছে স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি রোগীদের খাবারের মান এবং হাসপাতালের শৌচাগারের পরিচ্ছন্নতা নিয়েও তিনি সংশ্লিষ্টদের কাছে জানতে চান।

পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। তিনি মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখানোর পাশাপাশি চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের এক নারীর দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। বিষয়টি জানতে পেরে তিনি হাসপাতাল প্রাঙ্গণ থেকেই সংশ্লিষ্ট মহাপরিচালকের (ডিজি) সঙ্গে ফোনে কথা বলেন এবং ওই নার্সকে সদরপুরে বদলির নির্দেশ দেন বলে জানা গেছে।

পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। একই সঙ্গে স্থানীয়দের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালে জরুরি ভিত্তিতে একজন গাইনি চিকিৎসক ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।

এদিকে, স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে পরিদর্শনের শেষ পর্যায়ে হাসপাতালে উপস্থিত হন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তাঁদের প্রত্যাশা, ১৫১ শয্যায় উন্নীতকরণ এবং বিশেষজ্ঞ চিকিৎসক পদায়নের ঘোষণা দ্রুত বাস্তবায়ন হলে চরভদ্রাসন ও আশপাশের এলাকার মানুষের চিকিৎসাসেবা আরও সহজলভ্য ও উন্নত হবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর