সিরাজগঞ্জের রায়গঞ্জে আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক সরকারি সেবা নিশ্চিতকরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (এলজিআই) সঙ্গে অ্যাডভোকেসি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ব্রেডের নিমগাছি প্রকল্প কার্যালয়ে কলিয়া আদিবাসী সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলিয়া আদিবাসী সমিতির সভাপতি শ্যামল কুমার মাহাতো।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হাসান শেখ। এছাড়া সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া, ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গ্রাম থেকে আসা আদিবাসী নারী-পুরুষ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সোনাখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মিয়া বলেন, ‘‘আমার ইউনিয়নে যত ধরনের সেবা রয়েছে, আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর কাছে এসব সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। আপনারা সবসময় ইউনিয়ন পরিষদের সহযোগিতা নেবেন এবং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন।’’
রায়গঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সম্মিলিত প্রাণিসম্পদ উন্নয়ন কার্যক্রমের ফ্যাসিলিটেটর নির্মল কুমার মাহাতো বলেন, ‘‘আমরা যে সেবাগুলো দিয়ে আসছি, ভবিষ্যতে আরও সেবা দিতে চাই। এ ক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীকেও এগিয়ে আসতে হবে।’’
ইউনিয়ন কৃষি কর্মকর্তা সেলিম রেজা কৃষক কার্ডসহ কৃষি বিভাগের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে রায়গঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হাসান শেখ বলেন, ‘‘আমরা সরকারি সেবা আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। এ লক্ষ্যে ব্রেডের সঙ্গে যৌথভাবে কাজ করে আপনাদের কাঙ্ক্ষিত সেবাগুলো পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’’
সভায় স্থানীয় পর্যায়ে আদিবাসী ও অনগ্রসর জনগোষ্ঠীর সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগোষ্ঠীর যোগাযোগ ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেডের প্রকল্প সমন্বয়কারী মো. আশিকুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ব্রেডের প্রজেক্ট অফিসার সুলাইমান শেখ।
এই বাংলা/এমএস