রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

ফরিদপুরের ৯ উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় ও সাংগঠনিক সফর

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

ফরিদপুর জেলার ৯টি উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় ও জেলা দায়িত্বশীলদের সমন্বয়ে দিনব্যাপী মতবিনিময় ও সাংগঠনিক সফর অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) ফরিদপুর সদর ও পৌরসভাসহ সালথা, নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, সদরপুর ও ভাঙ্গা উপজেলায় এ সফর অনুষ্ঠিত হয়। সফরকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভাগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফাত হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা হারুন অর রশিদ ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, সহ-সভাপতি মাওলানা সোবাহান মাহমুদ, সহ-সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক, জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা সরোয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলীয় প্রার্থী বাছাই ও চূড়ান্ত করার বিষয়ে স্থানীয় নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার পাশাপাশি যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করতে হবে। দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের দ্বীনি ও আদর্শিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ জন্য উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার এবং সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

মতবিনিময় সভাগুলোতে স্থানীয় শাখার দায়িত্বশীলরা সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর