শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

মিরসরাইয়ে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার, গ্রেফতার ৩

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএমের চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট বিকেল আনুমানিক ৭টার দিকে জোরারগঞ্জ থানাধীন বিএসআরএম কোম্পানি থেকে বিভিন্ন সাইটের প্রায় ১৩ টন লোহার রড ট্রাকযোগে সুনামগঞ্জে পাঠানোর সময় চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানার পর চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান শুরু করে পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রয়োজনীয় দিকনির্দেশনায় এবং জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে পুলিশের একটি দল আধুনিক প্রযুক্তি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে গত ১৯ আগস্ট বারইয়ারহাট এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান চালিয়ে ট্রাকের হেলপার ও এজাহারভুক্ত ২ নম্বর আসামি মো. হাদিছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্য ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার মহম্মদপুর থানার জগদলিয়া এলাকায় অভিযান চালিয়ে আবুল বাশার ওরফে বাঁশিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবুল বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে মহম্মদপুর বাজারের ‘আয়ান এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করা হয়।

এ ছাড়া ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ট্রাকটি খালি অবস্থায় উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য, চুরির ঘটনার পর দ্রুত ব্যবস্থা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিভিন্ন ইউনিটের সমন্বিত অভিযানের ফলে অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ চুরি যাওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ আরও জানায়, জনগণের জানমাল, সম্পদ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ সংঘটনের পর দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ ও জোরারগঞ্জ থানা পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর