গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনা ও গ্রামীণ সংস্কৃতি ধরে রাখার লক্ষ্যে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হয়েছে প্রীতি হাডুডু খেলা।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর-পূর্ব বাঁশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালুর মাঠে স্থানীয় বিবাহিত ও অবিবাহিত খেলোয়াড়দের মধ্যে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর খেলায় বিবাহিত দলকে ১ গোলে হারিয়ে জয় লাভ করে অবিবাহিত দল।
খেলাকে কেন্দ্র করে বিকেল থেকেই বাঁশবুনিয়া স্কুল মাঠে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উৎসুক দর্শকের ভিড় জমে। খেলার প্রতিটি পয়েন্টে দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানে মো. বাদল হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর। আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন মো. শফিকুল ইসলাম বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মো. আখতার হোসেন নিজাম মিরবহর বলেন, ‘হাডুডু আমাদের জাতীয় খেলা ও হাজার বছরের ঐতিহ্য। মোবাইল আসক্তি ও মাদকের হাত থেকে যুবসমাজকে রক্ষা করে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এমন আয়োজনের বিকল্প নেই। বিবাহিত ও অবিবাহিতদের এমন প্রীতি মেলবন্ধন সত্যিই প্রশংসনীয়।’
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কার ও শুভেচ্ছা জানানো হয়। পরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
এই বাংলা/এমএস