চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার ৪ নম্বর জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—আদমপুর গ্রামের মো. রাজুর আড়াই বছর বয়সী ছেলে কাওসার এবং একই গ্রামের মো. সানাউল্লাহর চার বছর বয়সী ছেলে মো. নূর হোসেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শিশু দুটি বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির দক্ষিণ পাশে হাঁস পালনের জন্য খনন করে রাখা গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়।
দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ওই গর্তের পানি থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আদমপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
এই বাংলা/এমএস