সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত

স্টাফ রিপোর্টার, নলডাঙ্গা
  • প্রকাশকালঃ সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে রিয়াদের মুসাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নলডাঙ্গা উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের মো. জাকির আলীর ছেলে মো. শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুরপাড়ার মো. গোলাম রাব্বানীর ছেলে মো. সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের মো. আসলাম হোসেনের ছেলে মো. রবিউল আউয়াল হৃয় (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তিনজনই কয়েক বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমান। তারা রিয়াদের খোরদাম এলাকার একটি সোফা তৈরির কারখানায় কাজ করতেন। রোববার বিকেলে হঠাৎ কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা তিন বাংলাদেশি কর্মী আগুনে পুড়ে মারা যান বলে স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন।

নিহতদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্বজনরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান খাঁন বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানানো হবে। সরকারের পক্ষ থেকে পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনগত প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত তিন যুবক পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে কয়েক বছর আগে সৌদি আরবে যান। কর্মস্থলে অগ্নিকাণ্ডে তাদের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।

এদিকে নিহতদের স্বজনরা সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক ও প্রশাসনিক সহযোগিতার দাবি জানিয়েছেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর