ময়মনসিংহ নগরের মাসকান্দা এলাকায় আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মো. রাব্বী (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
নিহত রাব্বী মাসকান্দা এলাকার হাইস্কুল রোডের মোবারক হোসেনের ছেলে। তিনি একটি বেসরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পাসপোর্ট অফিসের সামনে একটি কম্পিউটার দোকানে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রাব্বী ওই দোকানে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি দোকানের ভেতরে আশ্রয় নিলেও হামলাকারীরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রাব্বীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা হোসেন আলী বলেন, ‘সকালে রাব্বী বাসা থেকে বের হয়ে দোকানে এসেছিল। এরপর একদল যুবক প্রকাশ্যে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। ঘটনাটি অনেক মানুষ দেখলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জমিজমা সংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। রাব্বীর প্রতিবেশী সাব্বিরের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। হত্যাকাণ্ডে সাব্বির ও তাঁর ভাইয়ের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করা হবে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস