নীলফামারীর ডিমলায় ঝুঁকিপূর্ণ একটি কাঠের সেতু পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ ঘটনায় তিনি ও তাঁর সফরসঙ্গীরা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা ৫০ মিনিটের দিকে ডিমলা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নাটাবাড়ি এলাকায় নাউতারা নদীর ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ কাঠের সেতু পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বন্যার পানির তীব্র স্রোতে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত সেতুটির অবস্থা সরেজমিনে দেখতে সেখানে যান এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে। এতে তাঁর সঙ্গে থাকা কয়েকজন সফরসঙ্গী ও নেতাকর্মী নিচে পড়ে যান।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) রফিক।
এ সময় এমপির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়রা জানান, নাউতারা নদীর ওপর থাকা কাঠের সেতুটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বন্যার পানির স্রোতে সেতুটি আরও ক্ষতিগ্রস্ত হওয়ায় যাতায়াতে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত সেতুটি সংস্কার বা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এই বাংলা/এমএস