মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন

টানা দ্বিতীয় মাসেও নেত্রকোণার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হাবিবুর রহমান

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও অপরাধ উদঘাটনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টানা দ্বিতীয় মাসের মতো নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পূর্বধলা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ক্রেস্ট, সার্টিফিকেট ও বিশেষ পুরস্কার।

সোমবার (১০ আগস্ট) নেত্রকোণা পুলিশ লাইন অডিটোরিয়ামে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম তাঁর হাতে শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তার ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জুলাই ২০২৬ মাসের অপরাধ দমন, সার্বিক কর্মকাণ্ডের মূল্যায়ন এবং বিশেষ করে ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।

ক্লু-লেস নবজাতক হত্যা মামলার রহস্য উদঘাটন

হাবিবুর রহমানের এই স্বীকৃতির পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পূর্বধলায় সংঘটিত একটি চাঞ্চল্যকর ক্লু-লেস নবজাতক হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৯ জুন দুর্বৃত্তরা এক নবজাতক কন্যাশিশুকে হত্যার পর তার মরদেহ কালো রঙের শার্ট দিয়ে পেঁচিয়ে এবং শরীরে ইট বেঁধে পূর্বধলার কালীহর নদীতে ফেলে দেয়। পরদিন স্থানীয়রা নদীতে মরদেহ ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইট বাঁধা ও শার্টে পেঁচানো অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ এবং শিশুটির মাতৃ-পিতৃ পরিচয় শনাক্তের জন্য সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নেত্রকোণার পুলিশ সুপার ও পূর্বধলা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে তদন্ত পরিচালনা করেন। স্বল্প সময়ের মধ্যেই তিনি মামলার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত মো. সাজন মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

এই ব্যতিক্রমী সাফল্যের স্বীকৃতি হিসেবেই তাঁকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জেলার সব থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর