নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি সোনারগাঁ ভূমি অফিস ও কাঁচপুর সার্কেলকে দালালমুক্ত করার অঙ্গীকার করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও কাঁচপুর সার্কেলের এসিল্যান্ড ফাইরুজ তাসনিম।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে তাঁর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অঙ্গীকার করেন। এ সময় দায়িত্ব পালনকালে গত এক বছরে ভূমি ব্যবস্থাপনা, সরকারি খাস জমি উদ্ধার, মোবাইল কোর্ট পরিচালনা, মিসকেইস নিষ্পত্তি ও নামজারি কার্যক্রমসহ বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরেন তিনি।
এসিল্যান্ড ফাইরুজ তাসনিম বলেন, ভূমি অফিসে সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন কিংবা দালালের আশ্রয় নিতে বাধ্য না হন, তা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। সাধারণ সেবাগ্রহীতাদের উদ্দেশে তিনি বলেন, “যে কোনো সেবাগ্রহীতার জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।”
তিনি জানান, দায়িত্ব পালনকালে গত এক বছরে সরকারি প্রায় ১ হাজার ১৫০ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে, যা প্রায় সাড়ে ১১ একরের সমপরিমাণ। সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া গত এক বছরে প্রায় ৪০টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৭ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে। ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়ে তিনি জানান, একই সময়ে ৪৩২টি মিসকেইসের আদেশ ও নিষ্পত্তি করা হয়েছে। পাশাপাশি প্রায় ১৫ হাজার নামজারি আবেদন নিষ্পত্তি করা হয়েছে।
এসিল্যান্ড বলেন, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে ভূমি সেবা নিশ্চিত করতে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও ভূমি অফিসের সেবার মান উন্নয়ন, সাধারণ মানুষের হয়রানি কমানো এবং সরকারি সম্পত্তি রক্ষায় কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
মতবিনিময় সভায় দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন অভিজ্ঞতাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রম, সাধারণ মানুষের ভোগান্তি, দালালদের দৌরাত্ম্য এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে ফাইরুজ তাসনিম বলেন, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে প্রশাসন ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সরকারি খাস জমি উদ্ধার ও অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের চলমান কার্যক্রমকে স্বাগত জানান।
এই বাংলা/এমএস