মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে ছাত্রদলের সংবাদ সম্মেলন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

টাঙ্গাইলের নাগরপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল।

মঙ্গলবার সকালে নাগরপুরে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল।

লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার আলোকে নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড চালুর অঙ্গীকার করা হয়। সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মীর খালিদ মাহবুব রাসেল দাবি করেন, নিয়োগ পরীক্ষা ও চূড়ান্ত ফলাফল সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা সম্পন্ন করেছেন। এ প্রক্রিয়ায় বিএনপি কিংবা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো হস্তক্ষেপ ছিল না বলেও তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাধাগ্রস্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তিনি এসব তথ্যকে গুজব হিসেবে উল্লেখ করে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

নাগরপুরের কৃষক সমিতির নেতা মো. আবু বকরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের এই নেতা বলেন, তিনি কয়েকজন রাজনৈতিক ব্যক্তির পরামর্শে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। গত রোববার (৯ আগস্ট) ফেসবুক লাইভে এসে তিনি নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ওইদিন দুপুরে আবু বকর তাঁর অনুসারীদের নিয়ে নাগরপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কাঠবাগান এলাকায় অবস্থান নেন। বিষয়টি জানতে পেরে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে গিয়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করার অনুরোধ করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং হামলার ঘটনা ঘটে। এতে ছাত্রদল কলেজ শাখার আহ্বায়কসহ অন্তত তিনজন আহত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, যুগ্ম আহ্বায়ক পলাশ মিয়া, মোস্তাকিম মিয়া, রাসেল রহমান হৃদয়, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম আসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মো. ফাহাদ আহমেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সৈয়দ রাহাতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর