ঝালকাঠির কাঠালিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, অসহায় পরিবার এবং এতিমখানা ও হাফেজি মাদ্রাসায় হুইলচেয়ার, ঢেউটিন, সেলাই মেশিন ও বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান।
অনুষ্ঠানে চারজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে একজন নারীকে একটি সেলাই মেশিন দেওয়া হয়।
এ ছাড়া চিংড়াখালী দরবার শরিফের এতিমখানা ও হাফেজি মাদ্রাসার জন্য চারটি বৈদ্যুতিক ফ্যান এবং দুইজন অসহায় ব্যক্তিকে মোট তিন বান্ডিল ঢেউটিন দেওয়া হয়।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই বাংলা/এমএস