রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

‘তাজু ভাই ২.০’ এবার টাইমস টুডের মফস্বল কনটেন্ট ক্রিয়েটর

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চরাঞ্চলের তরুণ কনটেন্ট ক্রিয়েটর মো. তাইজুল ইসলাম তাজু, যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘তাজু ভাই ২.০’ নামে পরিচিত, এবার আনুষ্ঠানিকভাবে সংবাদমাধ্যমে কাজ শুরু করেছেন। জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস টুডে তাকে মফস্বল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নিয়োগ দিয়েছে।

সোমবার (২৭ জুলাই) টাইমস টুডের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সম্পাদক মো. মাসুম খান তাজুর হাতে নিয়োগপত্র তুলে দেন।

পেশায় রাজমিস্ত্রির সহকারী হলেও দীর্ঘদিন ধরে তাজু সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ ও সাধারণ মানুষের নানা বিষয় সহজ-সরল ভাষায় তুলে ধরছিলেন। তার ব্যতিক্রমী উপস্থাপনা ও বাস্তবধর্মী ভিডিওগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে এবং তাকে নাগরিক সাংবাদিকতার একটি পরিচিত মুখে পরিণত করে।

গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে নাগেশ্বরীর নারায়ণপুর বাজারে জিলাপির দাম নিয়ে করা তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর দেশের বিভিন্ন গণমাধ্যম তার সাক্ষাৎকার নেয় এবং তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এতদিন কোনো সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কাজের সুযোগ না পেলেও এবার সেই সুযোগ করে দিয়েছে টাইমস টুডে।

টাইমস টুডের সম্পাদক মো. মাসুম খান বলেন, “তাজুর ভিডিওগুলোতে সমাজের বাস্তব চিত্র এবং সাধারণ মানুষের সমস্যাগুলো আন্তরিকভাবে তুলে ধরা হয়েছে। নাগরিক সাংবাদিকতায় তার সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাকে একজন দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলা হবে।”

নিজের সরল জীবনদর্শনের জন্যও পরিচিত তাজুর একটি উক্তি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত— “আমি চাই না আপনারা আমাকে দেখেন, মানুষ খুশি থাকলে আমিও খুশি।”

টাইমস টুডেতে যোগদানের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর তাজুর পেশাগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা হলো।

এই সম্পর্কিত আরো খবর