আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরে দলটি ফিরবে না। তাঁর দাবি, আওয়ামী লীগের মধ্যে গণতন্ত্রের চর্চা ছিল না; দলটি স্বৈরতান্ত্রিক ও মাফিয়া শক্তি হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, আওয়ামী লীগের শাসনামলে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। আর সরকারের হিসাব অনুযায়ী, এ সংখ্যা ২ হাজারের বেশি। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড ও সহিংসতার জন্য আওয়ামী লীগ এখনো ক্ষমা চায়নি বা দুঃখ প্রকাশ করেনি। বরং গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাকে দলটি জঙ্গিবাদী হিসেবে আখ্যায়িত করেছে।
আওয়ামী লীগের আবার গণতান্ত্রিক রাজনীতিতে ফেরার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ দলটিকে সেই সুযোগ দেবে বলে তিনি মনে করেন না। তবে কে কখন দেশে ফিরতে চাইছে, তা নিয়ে সরকার বিচলিত নয় বলে মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। যে যখনই আসুক, তাদের আইনের আওতায় নেওয়া হবে।”
আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, অপরাধের অভিযোগে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে না। এমনকি সংসদ সদস্যের সন্তান হলেও তাঁকে অভিযুক্ত করে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করতে চান না। প্রথমে প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্ত সম্পন্ন হতে হবে। এরপর সব তথ্য জেনে এ বিষয়ে কথা বলবেন বলে জানান তিনি।
এই বাংলা/এমএস