নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলার শিক্ষার্থী মোহাম্মদ আমান জাতীয় পর্যায়ের অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন।
রোববার (২৬ জুলাই) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে ২৩.৮৭ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অধিকার করেন তিনি।
মোহাম্মদ আমান নাটোরের লালপুর উপজেলার রুইগাড়ী গ্রামের আক্তারুজ্জামান ও রোজিনা খাতুন দম্পতির ছেলে। তিনি রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। অল্প বয়সে জাতীয় পর্যায়ে এ সাফল্য অর্জনে পরিবার, বিদ্যালয় ও পুরো লালপুর উপজেলায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষক, সহপাঠী, স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসী তাকে অভিনন্দন জানিয়েছেন।
রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফা আসলাম বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাঠের খেলাধুলা শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও দলগত চেতনা গড়ে তোলে। আমানের এই সাফল্য বিদ্যালয়ের জন্য গর্বের এবং এটি অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রুইগাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আমানের মা রোজিনা খাতুন বলেন, ক্রীড়া শিক্ষক গোলাম মোস্তফা আসলামের অনুপ্রেরণায় এর আগেও অনূর্ধ্ব-১৪ বিভাগে দেশসেরা হয়েছিল আমান। তিনি বলেন, এই অর্জন প্রমাণ করে, সুযোগ পেলে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও দক্ষতার স্বাক্ষর রাখতে পারে। বিদ্যালয়ের পক্ষ থেকে আমানের প্রতি সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
লালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে তোলে। একই সঙ্গে এটি তাদের বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। আমানের সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ বলেন, জাতীয় পর্যায়ে ২০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হয়ে মোহাম্মদ আমান লালপুর উপজেলার সম্মান বৃদ্ধি করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আমান আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। উপজেলা প্রশাসন তার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের বিকাশে সব ধরনের সহযোগিতা করবে।

