কুড়িগ্রাম প্রতিনিধি :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপির জন্য চার ধরনের প্রতীকী ‘কার্ড’ দেওয়া হবে। তিনি বলেন, বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’, ছাত্রদলকে ‘চাঁদাবাজি কার্ড’, যুবদলকে ‘দখলবাজি কার্ড’ এবং বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ‘সমন্বিত লাল কার্ড’ তুলে দেওয়া হবে।
বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার কলেজ মোড় (জুলাই চত্বর) থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত জনসভা সন্ধ্যা ৭টার দিকে শেষ হয়।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিএনপি সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিভিন্ন খাতে দখলদারি প্রতিষ্ঠার পাশাপাশি আওয়ামী লীগের পুনর্বাসনেরও চেষ্টা করা হচ্ছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রতীকী ‘কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, “এক নম্বরে সন্ত্রাসী কার্ড বিএনপিকে, দুই নম্বরে চাঁদাবাজি কার্ড ছাত্রদলকে, তিন নম্বরে দখলবাজি কার্ড যুবদলকে এবং চার নম্বরে সমন্বিত লাল কার্ড মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ধরিয়ে দেওয়া হবে।”
তিনি আরও বলেন, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন ছাড়া দেশের প্রত্যাশিত পরিবর্তন সম্ভব নয়। সংস্কার বাস্তবায়িত না হলে প্রবাসীরা রেমিট্যান্স বন্ধ করতে পারেন, শ্রমিকরা কর্মবিরতিতে যেতে পারেন এবং তরুণরা রাজপথে আন্দোলনে নামতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলম, কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. মো. আতিক মুজাহিদ। স্বাগত বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা এনসিপির সদস্য সচিব মো. মাসুম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলপ্রধান মো. রাশেদুজ্জামান তাওহীদ।
এই বাংলা/এমএস
টপিক