বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

সংস্কার ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

 

গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “সংস্কার ছাড়া বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নেই।”

বুধবার (২২ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার শাপলা চত্বরে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি ভোটের আগে বলেছিল, জনগণ ভোট দিলে নির্বাচন-পরবর্তী সময়ে সংস্কার বাস্তবায়ন করবে। কিন্তু নির্বাচনের পর তারা জনগণের প্রত্যাশা ভুলে গেছে। জনগণের মতামতকে উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলে মানুষ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না হলে এবং জনগণের করের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত না হলে দেশে জনঅসন্তোষ আরও বাড়বে। সংবিধান সংস্কার ও জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন ছাড়া দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এনসিপির এই নেতা অভিযোগ করেন, বিভিন্ন রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, এসব কার্যক্রম দেশের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে তিনি অভিযোগ করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের দলে টানতে নানা ধরনের প্রলোভন দেখানো হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ‘কু-সংস্কার’ বাস্তবায়নের উদ্দেশ্যে একটি সমঝোতা কমিটি গঠন করা হয়েছে।

পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব মো. আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. মো. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর