সদরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, উদ্ধার করতে গিয়ে আহত ৩
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্ব শৌলডুবী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন মাতুব্বর (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বিদ্যুতের মূল খুঁটি থেকে একটি তার ছিঁড়ে একটি গোয়ালঘরের ওপর পড়ে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বাড়ির আশপাশের এলাকাও বিদ্যুতায়িত হয়ে যায়।
এ সময় গোসল শেষে ভেজা কাপড় শুকানোর জন্য উঠানে টানানো জিআই তারে কাপড় দিতে গেলে মিলন মাতুব্বর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করতে গিয়ে মিঠু মাতুব্বর (৩০), হেনা বেগম (২৪) ও ওবায়দুর শেখ (৩০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত কাটাখালী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে চারজনকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মাতুব্বরকে মৃত ঘোষণা করেন।
আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে সদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং মরদেহ পুলিশ হেফাজতে নেয়।
সদরপুর থানার পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দ্রুত অপসারণ ও বিদ্যুৎ লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা হলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।