ঢাকা প্রতিনিধি :
দুই বছর পর ছুটিতে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি সিএনজিতে রেখে আসা ব্যাগ হারানোর অভিযোগ করেছেন দুবাইপ্রবাসী মেহেরপুর জেলার ১৬ টাকা গ্রামের মো. আমিনুল ইসলাম।
সোমবার (২০ জুলাই) দেশে পৌঁছানোর পর তাকে রিসিভ করতে বিমানবন্দরে যান তার বোনের স্বামী মো. শহিদুল ইসলাম। বিমানবন্দরের টার্মিনাল থেকে তারা একটি সিএনজি অটোরিকশায় করে বিমানবন্দর বাস টিকিট কাউন্টারের সামনে যান।
ভুক্তভোগীর দাবি, সিএনজির ভাড়া পরিশোধ করে খুলনাগামী বাসের টিকিট কাটতে গেলে তিনি বুঝতে পারেন, তার সঙ্গে থাকা একটি সাইড ব্যাগ নেই। পরে তার মনে হয়, ব্যাগটি সম্ভবত সিএনজির ভেতরেই রেখে নেমে গেছেন।
তাৎক্ষণিকভাবে বিষয়টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এপিবিএন (APBN) পুলিশকে জানানো হয়। পরে পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট সিএনজির নম্বর শনাক্ত করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, সিএনজিটির নম্বর ঢাকা মেট্রো-থ ১৬-১৩২৪ এবং এটি পারভিন পরিবহন-এর আওতাভুক্ত।
কান্নাজড়িত কণ্ঠে আমিনুল ইসলাম বলেন, “আমার আর কোনো সহায়-সম্বল রইল না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।”
তিনি জানান, নিখোঁজ ব্যাগে তার পাসপোর্ট, ফিরতি বিমানের টিকিট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, প্রায় এক ভরি স্বর্ণ এবং উল্লেখযোগ্য পরিমাণ সংযুক্ত আরব আমিরাতের দিরহাম ছিল।
তিনি আরও বলেন, “এখন আমি না পারছি নিজের বাড়িতে যেতে, না পারছি দুবাই ফিরে যেতে। পরিবারের কাছে কীভাবে এই খবর জানাব, বুঝতে পারছি না।”
এ ঘটনায় সংশ্লিষ্ট সিএনজি শনাক্ত করে ব্যাগ উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
এই বাংলা/এমএস
টপিক