চট্টগ্রামে প্রতি চারটি বাসার একটিতে ডেঙ্গুর লার্ভা, জনসচেতনতায় জোর
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
বুধবার, ১৫ জুলাই, ২০২৬
চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ মোকাবিলায় সরকারি ও বেসরকারি সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় প্রতি চারটি বাসা-বাড়ির মধ্যে একটিতে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
মঙ্গলবার নগরীর লয়েল রোডে বিভাগীয় স্বাস্থ্য দপ্তরে ডেঙ্গু নজরদারি ব্যবস্থা জোরদার বিষয়ক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থা মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ)-এর সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
ডা. ফজলে রাব্বি জানান, ভেক্টরবাহিত রোগ প্রতিরোধে চট্টগ্রাম সিটি করপোরেশন, স্বাস্থ্য বিভাগ ও চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)-এর সঙ্গে এমএসএফের সমন্বয়ে কাজ চলছে। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, জনসচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব নয়।
তিনি আরও জানান, গত জুন মাসে চট্টগ্রাম বিভাগে ৪০৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও চলতি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৪৮৫ জনে পৌঁছেছে। ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সভায় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, জুন মাসে চট্টগ্রাম মহানগর ও জেলায় ১২২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেও জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে ১৬৪ জন হয়েছে। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় ৬১ জন, উপজেলা পর্যায়ে ৭৪ জন এবং অন্যান্য জেলা থেকে আসা ২৯ জন রোগী রয়েছেন।
সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বাসাবাড়ি ও আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার রাখা এবং মশারি ব্যবহারের মাধ্যমে ডেঙ্গুর সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সমন্বয় সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, বিআইটিআইডি, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল, সিটি করপোরেশন, ইউনিসেফ, এমএসএফসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সভায় ডেঙ্গু নজরদারি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে উপস্থাপনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান, নির্বাহী সম্পাদক: নাসরিন আক্তার
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।