বিশেষ প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মানহা মনি নালিতাবাড়ী তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা আহমেদের নাতনি। তাদের বাড়ি নালিতাবাড়ী পৌরসভার আড়াইআনী এলাকার বেপারিপাড়া, হিরন্ময়ী স্কুলের খেলার মাঠসংলগ্ন এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মানহা মনি তার নানার সঙ্গে বিদ্যালয়ে যায়। সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হলে খাওয়ার সময় একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসনালীতে বাদাম আটকে যাওয়ায় শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর শিশুটির পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ছোট শিশুদের বাদাম, শক্ত টফি, আঙুর বা এ ধরনের ছোট ও শক্ত খাবার খাওয়ানোর সময় অভিভাবকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত। এমন পরিস্থিতিতে দ্রুত প্রাথমিক চিকিৎসা ও জরুরি ব্যবস্থা গ্রহণ করলে অনেক ক্ষেত্রে প্রাণহানি এড়ানো সম্ভব হতে পারে।

