চট্টগ্রাম প্রতিনিধি :
অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহালসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী ধারার পাঁচটি ব্যাংকের একদল ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারী।
সোমবার (২২ জুন) সকালে নগরীর বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের আঞ্চলিক পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পূর্বের সুযোগ-সুবিধাসহ পুনর্বহাল, দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পুনর্গঠন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পরিবেশ গড়ে তোলা।
এছাড়া ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের কয়েকটি ইসলামী ধারার ব্যাংকে ব্যাপক প্রশাসনিক পরিবর্তনের ফলে অনেক কর্মকর্তা-কর্মচারী চাকরি হারিয়েছেন বা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। তাদের দাবি, এসব ঘটনায় যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়নি।
কর্মসূচিতে অংশ নেওয়া এক কর্মকর্তা বলেন, প্রশাসনিক সিদ্ধান্তের কারণে অনেক কর্মকর্তা-কর্মচারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।
আন্দোলনকারীরা জানান, দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে তারা ভবিষ্যতে আরও কর্মসূচি ঘোষণা করবেন।
এই বাংলা/এমএস
টপিক

