নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে নাতির জন্ম উপলক্ষে ব্যতিক্রমী আনন্দ অনুষ্ঠানের আয়োজন করেছেন এক নানা। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে।
জানা গেছে, জোরমল্লিকা গ্রামের বাসিন্দা মো. হান্নানের কোনো পুত্র সন্তান নেই। তাঁর একমাত্র মেয়ে পান্না খাতুনের বিয়ে হয়েছে একই ইউনিয়নের শাহবাজপুর গ্রামে। দাম্পত্য জীবনে একটি কন্যা সন্তানের জন্মের ১২ বছর পর সম্প্রতি পান্না খাতুন ও তার স্বামী মনির হোসেনের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়।
এতে আনন্দিত হয়ে নানা মো. হান্নান সাত মাস বয়সী নাতি আব্দুর রহমান বিন মুসালিনকে ঘোড়ার গাড়িতে তুলে নিজ গ্রাম থেকে জামাইয়ের গ্রাম পর্যন্ত শোভাযাত্রার আয়োজন করেন। এ সময় আত্মীয়-স্বজন ও স্থানীয়দের অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। শোভাযাত্রার পাশাপাশি প্রায় তিন হাজার পিস মিষ্টি বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় বাসিন্দারা জানান, এমন ব্যতিক্রমী আয়োজন এলাকায় খুব কমই দেখা যায়। অনুষ্ঠানে অংশ নিতে পেরে তারা আনন্দিত।
শিশুর মা পান্না খাতুন বলেন, দীর্ঘ ১২ বছর পর তাদের পরিবারে পুত্র সন্তানের জন্ম হয়েছে। এ উপলক্ষে তাঁর বাবা আনন্দ ভাগাভাগি করতে এই আয়োজন করেছেন। তিনি সবার কাছে সন্তানদের ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।
শিশুর নানা মো. হান্নান বলেন, তাঁর কোনো ছেলে সন্তান নেই। নাতির জন্মকে তিনি মহান আল্লাহর বিশেষ নেয়ামত হিসেবে মনে করেন। এ আনন্দ পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীর সঙ্গে ভাগাভাগি করতেই এই আয়োজন করা হয়েছে।
ব্যতিক্রমী এ অনুষ্ঠান এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
এই বাংলা/এমএস
টপিক

