চরভদ্রাসনে বিএনপির মৌন মিছিল, গণতন্ত্র ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষার আহ্বান

চরভদ্রাসন প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের প্রতিবাদে মৌন মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

সোমবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রশাসনিক এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।

পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (ভিপি বাদশা), সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মনজুরুল হক মৃধা ও রহমত দেওয়ান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

তারা আরও বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক পরিবেশ অক্ষুণ্ন রাখা এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আয়োজকদের দাবি, কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here