মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজে বাধা অপসারণের দাবিতে প্রত্নতত্ত্ব অফিস ঘেরাও

স্টাফ রিপোর্টার :

বগুড়ার ঐতিহাসিক মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজ দ্রুত ও নির্বিঘ্নে বাস্তবায়নের দাবিতে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের স্থানীয় কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন মুসল্লি ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে অবস্থিত প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাস্থান জাদুঘরের কাস্টোডিয়ানের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় অংশগ্রহণকারীরা উন্নয়নকাজ বাস্তবায়নের দাবিসংবলিত ব্যানার ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। তারা মসজিদের উন্নয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান।

ঘেরাও কর্মসূচি চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, মহাস্থান মাজার মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক তাহেরুল ইসলাম, মহাস্থান ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এবং মসজিদের খতিব মাওলানা এমদাদুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বক্তারা বলেন, মহাস্থান মাজার মসজিদ এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। সাধারণ মানুষের অনুদান ও নিজস্ব অর্থায়নে পরিচালিত উন্নয়ন কার্যক্রমে বিভিন্ন প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ায় কাজ ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, মসজিদের উন্নয়নকাজে যেকোনো ধরনের বাধা ও জটিলতা দূর করে দ্রুত কাজ সম্পন্ন করার সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণের কথাও জানান তারা।

সমাবেশ শেষে মুসল্লি, মসজিদ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিদের একটি দল প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান রাজিয়া সুলতানার কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে মহাস্থান মাজার মসজিদের উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here