বাগেরহাট প্রতিনিধি :
বাংলা সাহিত্যের অন্যতম শক্তিমান কবি ও তারুণ্যের প্রতীক একুশে পদকপ্রাপ্ত রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালীতে।
রোববার সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মরণসভা, কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও মিষ্টান্ন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সকাল ৯টায় শোভাযাত্রা শেষে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর নিজ বাসভবনে বিশেষ দোয়া ও মিষ্টান্ন বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন রুদ্র স্মৃতি সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন আসাদুজ্জামান টিটো। প্রধান অতিথি ছিলেন রুদ্র স্মৃতি সংসদের উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান।
আলোচকরা বলেন, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কেবল একজন কবি ছিলেন না, তিনি ছিলেন অন্যায়, বৈষম্য ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর। তাঁর কবিতা ও গান আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলমসহ অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে রুদ্রের আদর্শ ও সাহিত্যচর্চার প্রয়োজনীয়তা আরও বেড়েছে। তাঁর সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রুদ্রের প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন ‘অন্তর বাজাও’-এর শিল্পীরা তাঁর লেখা ও সুরারোপিত গান পরিবেশন করেন। এতে উপস্থিত দর্শক-শ্রোতারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন, মুক্তচিন্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর অবদান অনস্বীকার্য। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথাও স্মরণ করা হয়।
উল্লেখ্য, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ স্বল্প জীবনে সাতটি কাব্যগ্রন্থ রচনা করেন। তাঁর জনপ্রিয় গান ‘ভালো আছি ভালো থেকো’ দুই বাংলায় সমানভাবে সমাদৃত। ২০২৪ সালে তিনি মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।
মৃত্যুর ৩৫ বছর পরও তাঁর সাহিত্য, চেতনা ও সংগ্রামী আদর্শ বাঙালির হৃদয়ে সমানভাবে প্রাসঙ্গিক ও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

