খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে কৃষকদের কম্পোস্ট সার প্রস্তুতকরণ প্রশিক্ষণ

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের তত্ত্বাবধানে এবং পানছড়ি সাবজোনের উদ্যোগে কৃষকদের জন্য হাতে-কলমে কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) পানছড়ি উপজেলার চৌধুরীপাড়া এলাকায় আয়োজিত এ কর্মশালায় স্থানীয় কৃষকদের জৈব সার উৎপাদনের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

পানছড়ি উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণাঙ্কর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় কম্পোস্ট সার তৈরির প্রয়োজনীয় উপকরণ ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষণের প্রথম ধাপে গবাদি পশুর গোবর, শুকনো পাতা, খড়, ফসলের অবশিষ্টাংশ, রান্নাঘরের সবজি ও ফলের খোসা, কাঠের গুঁড়া, মাটি, পানি, ইউরিয়া ও টিএসপি ব্যবহারের বিষয়ে ধারণা দেওয়া হয়। দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে কম্পোস্ট সার তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া প্রদর্শন ও অনুশীলনের সুযোগ দেওয়া হয়।

কর্মশালায় পানছড়ি সদর ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চৌধুরীপাড়া, ইটাখোলা ও পাইলট ফার্ম এলাকার প্রায় ৬৫ থেকে ৭০ জন নারী-পুরুষ কৃষি খামারি অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে কৃষকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে তারা গৃহস্থালির জৈব বর্জ্য ব্যবহার করে সহজেই নিজস্ব কম্পোস্ট সার উৎপাদন করতে পারবেন। এতে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমবে, উৎপাদন খরচ হ্রাস পাবে এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে।

খাগড়াছড়ি জোন সূত্রে জানা গেছে, এ ধরনের প্রশিক্ষণ পর্যায়ক্রমে জোনের আওতাধীন বিভিন্ন পাড়ায় আয়োজন করা হবে। এর মাধ্যমে স্থানীয় কৃষক, আঙিনা বাগানচাষি ও ফসল উৎপাদনকারী পরিবারগুলো উপকৃত হবে। পাশাপাশি জৈব বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here