উন্নয়ন ও শান্তির প্রতিশ্রুতি দিলেন হুইপ দুলু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোর সদর-নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমি নলডাঙ্গা উপজেলার উন্নয়ন দিব, শান্তি দিব। আগামী দিনে এই এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেব।”

শনিবার (২০ জুন) সকালে নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনাদের সহযোগিতা চাই। আমাকে সাহায্য করুন, আমাদের নেতা তারেক রহমান-কে সাহায্য করুন। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে, আমরা তা পালন করব।”

ব্রহ্মপুর ইউনিয়নের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্মের মানুষ আমাকে সহযোগিতা করেছেন। ব্রহ্মপুরের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, আমি তা করব।”

এ সময় তিনি মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত নলডাঙ্গা গড়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা একটি মাদকমুক্ত, জুয়ামুক্ত ও সন্ত্রাসমুক্ত ব্রহ্মপুর-নলডাঙ্গা দেখতে চাই।”

অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সভাপতি ও ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সভাপতি আব্দুল্লাহ আল বাকি সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খান।

এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপজেলা ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের (শহীদ গামা স্মৃতি) মেগা ফাইনালে ক্রিকেট একাদশ রামরশার কাজীপুর এবং সেনভাগ লক্ষ্মীকোল ক্রিকেট একাদশ অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here