বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর পুরাতন বাশকান্দা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত শফিকুল ইসলাম (চান মিয়া) (৫০) ওই গ্রামের বাসিন্দা এবং মৃত ডা. আব্দুল আজিজ-এর ছেলে। তিনি স্থানীয় বাজারে ওষুধের ব্যবসার পাশাপাশি পল্লী চিকিৎসক হিসেবে সেবা প্রদান করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) সকাল প্রায় ১১টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে আগাছা পরিষ্কার করার সময় একটি বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা ডা. আব্দুল্লাহ আল মুত্তাকী জীবন।
চান মিয়ার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন এবং তার মৃত্যুতে একটি শূন্যতার সৃষ্টি হয়েছে।

