বারি’র নতুন মহাপরিচালক ড. মো. মন্জুরুল কাদির

গাজীপুর প্রতিনিধি :

 

 

স্বনামধন্য কৃষি বিজ্ঞানী ড. মো. মন্জুরুল কাদির-কে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এর মহাপরিচালক (রুটিন দায়িত্ব) পদে তিনি কৃষি মন্ত্রণালয়ের জারিকৃত এক আদেশের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন।

এর আগে তিনি বারি’র পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ১৯৯২ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বারিতে যোগদান করেন এবং ধাপে ধাপে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক পদে পদোন্নতি লাভ করেন।

ড. মন্জুরুল কাদির ২০০৯ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে Oilseed Breeder (Rapeseed & Groundnut) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণাকাজে তিনি আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশ সফর করেছেন।

তিনি দেশি-বিদেশি বিভিন্ন বৈজ্ঞানিক জার্নালে নিয়মিত গবেষণাপত্র প্রকাশ করে আসছেন, বিশেষ করে তৈলবীজ গবেষণায় তাঁর অবদান উল্লেখযোগ্য।

১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা এই কৃষি বিজ্ঞানী ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here