মিরসরাই প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সোনাইছড়ি ঝর্ণা এলাকার পাহাড়ি চূড়া থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে তা থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানান, প্রায় দুই মাস ধরে ওই বৃদ্ধাকে হাদিফকিরহাট বাজার এলাকায় দেখা যেত। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করতেন। অনেক সময় পরনে কাপড় থাকত না, দোকান থেকে যা পেতেন তাই খেয়ে জীবন ধারণ করতেন বলে জানান তারা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
হঠাৎ পাহাড়ের চূড়ায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত ব্যক্তি প্রায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধা এবং তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এই বাংলা/এমএস
টপিক

