গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত প্রাক-বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হক।
সভায় শহর সমন্বয় কমিটি (টিএলসিসি)-এর নাগরিক প্রতিনিধি, ৯টি ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং কাউন্সিলররা অংশ নেন। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, ২০২৬–২০২৭ অর্থবছরে পৌরসভার মোট আয় ধরা হয়েছে ৪১ কোটি ৬১ লাখ ৯০ হাজার ৫৫৭ টাকা। একই সময়ে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪১ কোটি ২৩ লাখ ৩৭ হাজার ৭৭২ টাকা। এতে ৩৮ লাখ ৫২ হাজার ৭৪১ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বাজেটে রাজস্ব আয়ের প্রধান উৎস হিসেবে ভূমি কর, পানি সরবরাহ ফি, ইমারত নির্মাণ ফি, সম্পত্তি হস্তান্তর কর এবং হাটবাজার ইজারাসহ বিভিন্ন খাত উল্লেখ করা হয়। ব্যয়ের ক্ষেত্রে রাস্তা, সেতু, কালভার্ট, ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশনসহ পৌর অবকাঠামো উন্নয়ন এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় প্রাক-বাজেট উপস্থাপন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ এবং পৌর প্রকৌশলী মোঃ আঃ আউয়াল। সার্বিক আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন পৌর কোষাধ্যক্ষ সবুজ পাল।
উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেজবাহউদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম সগীর, সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, গণ-অধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক সাহেব আলী।
সভায় নাগরিকদের পক্ষে বক্তব্য দেন সিনিয়র সিটিজেন ও প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। সভাপতির বক্তব্যে ইউএনও আবুজর মোঃ ইজাজুল হক বলেন, উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে জনগণের অংশগ্রহণ এবং পৌরকর আদায়ে সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই বাংলা/এমএস
টপিক

