সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. নাজিম উদ্দীনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়ানো কথিত মিথ্যা তথ্য ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ও সমর্থকরা উপস্থিত ছিলেন। ক্লাবটি মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় অবস্থিত।
বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মো. নাজিম উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা এসব তথ্যকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারীরা অপপ্রচারের নিন্দা জানিয়ে প্রকৃত তথ্য যাচাই করে প্রচারের আহ্বান জানান। একই সঙ্গে তারা জনসাধারণকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেন।
বক্তারা বলেন, যেকোনো অভিযোগের ক্ষেত্রে সত্যতা যাচাই করে দায়িত্বশীল আচরণ করা প্রয়োজন। তারা সংশ্লিষ্ট মহলের কাছে অপপ্রচার বন্ধ এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দাবি জানান।

