নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর উপজেলায় সিএনজি স্ট্যান্ডে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় সিএনজি চালক ও দুই বাস মালিককে অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাহেল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, নাসিরনগর উপজেলা সদর থেকে সরাইল বিশ্বরোড এবং ঢাকা রুটে চলাচলকারী কিছু সিএনজি ও বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে সিএনজি চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং নাসিরনগর থেকে ঢাকাগামী দুই বাস মালিককে সড়ক পরিবহন আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
এ অভিযানে নাসিরনগর থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাহেল আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু চালক যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। জনস্বার্থে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

