ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর ডিমলা থানা এলাকা থেকে নিফতাহুল জান্নাত (মাইশা) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বাবুরহাট থানাপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাইশা (১৬) দিনাজপুরের পার্বতীপুর উপজেলার তাজনগড় গ্রামের ব্র্যাক এনজিও কর্মকর্তা মনোয়ার হোসেনের মেয়ে। তিনি ডিমলায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজ কক্ষে চলে যান মাইশা। পরে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেন। একপর্যায়ে ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
খবর পেয়ে ডিমলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
এই বাংলা/এমএস
টপিক

