কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোটে বান্নাগর মাজার সংলগ্ন এলাকায় ট্রেন থেকে পড়ে ১০ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় মানিক নামে এক ব্যক্তি শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
অভিযোগ রয়েছে, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রথমে বিভিন্ন নিয়মের কথা বলে শিশুটিকে ভর্তি নিতে অস্বীকৃতি জানান। পরে উদ্ধারকারী ব্যক্তি নাঙ্গলকোট থানায় গিয়ে এক পুলিশ কনস্টেবলকে সঙ্গে নিয়ে হাসপাতালে ফিরে এলে আহত শিশুটিকে ভর্তি করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বর্তমানে শিশুটির মাথা, হাত ও পায়ে ব্যান্ডেজ রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতালের চিকিৎসক জহির জানান, শিশুটির উন্নত চিকিৎসা প্রয়োজন হলেও বর্তমানে হাসপাতালের ওষুধ দিয়েই চিকিৎসা দেওয়া হচ্ছে, পাশাপাশি কিছু ওষুধ বাইরে থেকে এনে ব্যবহার করতে হচ্ছে।
আহত শিশুটির নাম মেহেদি হাসান। তার বাবার নাম জহিরুল ইসলাম। শিশুটি জানায়, তার পরিবারের বাড়ি বান্দরবান জেলার আমিরাবাদ পেট্রোল পাম্প এলাকায়। সে ঢাকার কমলাপুর এলাকায় থাকত, তবে তার বাবা-মা তার খোঁজখবর নেয় না বলেও জানায় সে।

