নিজস্ব প্রতিবেদক :
জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দ।
আজ দুপুরে মতিঝিলস্থ তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এমপির সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ.এফ.এম উবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স)ড. মো. হারুন অর রশিদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে দেশের আবাসন খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রিহ্যাব প্রেসিডেন্ট উল্লেখ করেন, আবাসন খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং প্রায় ২০০টিরও বেশি খাতের সঙ্গে এর প্রত্যক্ষ ও পরোক্ষ সংযোগ রয়েছে। ফলে এই খাতকে গতিশীল রাখতে সময়োপযোগী নীতিমালা, সহজ ঋণ সুবিধার প্রয়োজন।
এ সময় এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর কাছে আবাসন খাতের উন্নয়ন ও সমস্যা সমাধানে সহযোগিতা কামনা করেন রিহ্যাব নেতারা।
তারা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে তিনি সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং নীতিনির্ধারণী পর্যায়ে আবাসন খাতের স্বার্থ তুলে ধরবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু আবাসন খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের উন্নয়ন ও নগরায়ণে এই খাতের ভূমিকা অপরিসীম।
তিনি রিহ্যাব নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, আবাসন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং সংশ্লিষ্ট বিষয়ে সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে আবাসন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশার মধ্য দিয়ে শেষ হয়।
এই বাংলা/এমএস
টপিক

