পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের একপাই জুজখোলা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে স্থানীয় মোস্তাফিজুর রহমানের বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র, নগদ টাকা ও প্রয়োজনীয় সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে; কোনো কিছুই আর অবশিষ্ট নেই।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় আগুন আশেপাশের ঘরবাড়িতে ছড়িয়ে না পড়লেও মোস্তাফিজুর রহমানের মূল ঘরটির শেষ সম্বলটুকু রক্ষা করা সম্ভব হয়নি। পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে নিঃস্ব অবস্থায় দিনাতিপাত করছে।
এই মর্মান্তিক খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সান্ত্বনা দিতে এবং ঘটনাস্থল পরিদর্শন করতে ছুটে যান পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি এই কঠিন সময়ে পরিবারটির ধৈর্য ধারণের জন্য দোয়া করেন এবং ব্যক্তিগত ও প্রশাসনিকভাবে সহায়তার আশ্বাস দেন।
পরিদর্শনকালে অধ্যক্ষ আলমগীর হোসেনের সাথে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ হারুন শেখ, কদমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহিম এবং কদমতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হাসিব শেখ।
উপস্থিত নেতৃবৃন্দ মোস্তাফিজুর রহমানের পরিবারের এই অপূরণীয় ক্ষতিতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের প্রতি অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
এই বাংলা/এমএস
টপিক

