চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা, বিজ্ঞান কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান বুধবার উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান।
এ বছর বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার আটটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিভিন্ন স্টলে তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে। অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে ছিল চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোলভীর চর উচ্চ বিদ্যালয়, রোকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, চরসুলতানপুর উচ্চ বিদ্যালয়, চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় ও চরঅযোধ্যা উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের প্রদর্শিত বৈজ্ঞানিক সরঞ্জাম ও প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানেন। এ সময় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনের উপকারিতা ও কার্যকারিতা তুলে ধরে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মেলা শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন রোকন উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী মাহমুদা জাহান ইষ্টি। একই বিদ্যালয়ের মুনিয়া জামান দ্বিতীয় স্থান লাভ করেন এবং চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ফাহিম হোসেন তৃতীয় স্থান অর্জন করেন।
বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান লাভ করে চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করে আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
এছাড়া বিজ্ঞান মেলার প্রজেক্ট মূল্যায়নে প্রথম স্থান অধিকার করে চর অযোধ্যা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে চরহাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি এবং নতুন উদ্ভাবনে আগ্রহ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

