বন্ধ টেক্সটাইল ও জুট মিল চালুর উদ্যোগ, দারোয়ানী মিলে শিগগিরই কর্মচাঞ্চল্য ফিরবে: প্রতিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি :

বন্ধ থাকা টেক্সটাইল ও জুট মিলগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, দেশি-বিদেশি বিনিয়োগকারীদের মাধ্যমে এসব শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে নীলফামারীর বন্ধ দারোয়ানী টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা মিলগুলো পরিদর্শন করা হচ্ছে এবং সেগুলো চালুর লক্ষ্যে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। তিনি বলেন, দারোয়ানী টেক্সটাইল মিলকে কেন্দ্র করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে এবং তা মূল্যায়নের কাজ চলছে। ইতোমধ্যে সম্ভাবনাময় বিনিয়োগকারীও পাওয়া গেছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই দারোয়ানী টেক্সটাইল মিলে কর্মচাঞ্চল্য ফিরে আসবে। মিল চালু হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রতিমন্ত্রী আরও বলেন, শিল্প খাতকে পুনরুজ্জীবিত করা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দেশের অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করা সম্ভব হবে।

সোনালী আঁশ পাটের ঐতিহ্য পুনরুদ্ধারে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, পাট চাষে পানির সংকট নিরসনে খাল খনন, উন্নত বীজ সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ক্লাসিকাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি কারখানাও পরিদর্শন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here