কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে পড়ে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলিমুল রাজি বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষার্থীর নাম হাবিবা আক্তার হাসি। তিনি স্থানীয় বাসিন্দা মোঃ হামিদুল ইসলাম ও মোছাঃ মরিয়ম বেগম দম্পতির একমাত্র সন্তান। হামিদুল ইসলাম পেশায় একজন নির্মাণশ্রমিক।
বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিরতির সময় হাবিবা তার এক সহপাঠীর সঙ্গে বিদ্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। বারান্দায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত রেলিং টপকে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রংপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার দুপুরে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলিমুল রাজি বলেন, বিদ্যালয় ভবনের বারান্দায় রেলিং থাকলেও গ্রিল না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, একই নকশার অনেক বিদ্যালয় ভবনে গ্রিল না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। দ্রুত এসব ভবনে গ্রিল স্থাপনের দাবি জানান তিনি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

