মুক্তিযুদ্ধের সেক্টর-৯ এর কমান্ডার মেজর এম এ জলিল পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার–২০২৬

বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মেজর এম এ জলিল / ছবি - সংগৃহীত

বরিশাল ব্যুরো :

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মহান মুক্তিযুদ্ধের সেক্টর-৯ এর সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মেজর মোহাম্মদ আবদুল জলিল-কে (মেজর এম এ জলিল) মরণোত্তর স্বাধীনতা পুরস্কার–২০২৬ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন।

মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেজর এম এ জলিল। তিনি সেক্টর-৯ এর সেক্টর কমান্ডার হিসেবে দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। স্বাধীনতার পরও তিনি দেশ ও মানুষের কল্যাণে সক্রিয় ভূমিকা পালন করেন এবং রাজনীতিতেও যুক্ত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মেজর জলিল লেখক হিসেবেও পরিচিত ছিলেন। তিনি **“অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা”**সহ বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেন, যা স্বাধীনতা-পরবর্তী রাজনীতি ও রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।

১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জন্মগ্রহণ করেন এই বীর মুক্তিযোদ্ধা। ১৯৮৯ সালের ১৯ নভেম্বর তিনি ইন্তেকাল করেন। তাঁর বীরত্বপূর্ণ অবদান ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সরকার এ বছর তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here