ডিমলায় ভোট বাণিজ্যের অভিযোগ ঘিরে সংঘর্ষ, আহত ২

0
39
ডিমলায় খেজুর মার্কার ভোট বাণিজ্য ঘিরে হামলা-অগ্নিসংযোগ / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে ভোট বাণিজ্যের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ঠাকুরের স্কুল এলাকার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি-জমিয়ত জোটের প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর অনুসারীদের বিরুদ্ধে খেজুর গাছ প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, একটি প্রাইভেট কার ও ৪০টির বেশি মোটরসাইকেলে করে শতাধিক নেতাকর্মী স্থানীয় একটি বাড়িতে অবস্থান নেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী প্রতিবাদ জানায় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পাশের একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সংঘর্ষে বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল মজিদ ও কর্মী শরিফুল ইসলাম আহত হন। তারা ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় ভোটার আরিফুল ইসলাম (২৫) দাবি করেন, “হঠাৎ করেই একটি মাইক্রোবাস ও ৪০-৫০টি মোটরসাইকেলে করে শতাধিক লোক এসে একটি বাড়িতে প্রবেশ করে। পরে সেখানে টাকা বিতরণের বিষয়টি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।”

আহত শরিফুল ইসলাম অভিযোগ করেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর তাকে মারধর করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রওশন কবির পুলিশ ও বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।

এ বিষয়ে বিএনপি–জমিয়ত প্রার্থী মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দীর বক্তব্য জানার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here